ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

উত্তর সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

উত্তর সাইপ্রাসের উপকূলে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি ফেরি উল্টে যাওয়ার পর অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও ২৩ জন। রোববার(৩০ আগস্ট) এ ঘটনার পর বেঁচে যাওয়া আরোহীদের ফেরিটির উল্টে যাওয়া কাঠামো আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে, জানিয়েছে রয়টার্স।কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কাইরিনিয়া বন্দর ছাড়ার পর থেকেই ফেরিটিতে পানি উঠতে শুরু করে। কী কারণে বেসরকারি এই ফেরটিতে পানি উঠছিল তা জানা যায়নি।


ফেরিটি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে তুরস্কের মারসিন প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দর তাশউজুতে যাচ্ছিল। কিন্তু কাইরিনিয়া উপকূলের অদূরেই বিপর্যয় ঘটে। ক্যাটামারান ধরনের এই ফেরিটি প্রতিদিন উত্তর সাইপ্রাস ও তুরস্কের মধ্যে চলাচলকারী কয়েকটি শাটল ফেরির অন্যতম।


তুর্কি সাইপ্রাসের নেতা তুফান এরহুরমান জানিয়েছেন, ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সাতজনের মৃত্যু হয়েছে আর এখনও ২৩ জন নিখোঁজ রয়েছেন। শনিবার সাইপ্রাসের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যায়। ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। কী কারণে ফেরিটি ডুবে যেতে পারে, এমন প্রশ্নে এরহুরমান শনিবারের ঝড়ের কথা উল্লেখ করে বলেন, “আজ আবহাওয়া ভ্রমণের পক্ষে উপযোগী বলে বিবেচনা করা হচ্ছিল।”


তুর্কি সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীবাহী ফেরি ‘ফাইলোজেট’ ২৫৯ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে রওনা হয়েছিল। কিন্তু কাইরিনিয়া উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে যাওয়ার পর এটি উল্টে যায়।


তুর্কি সাইপ্রাস কোস্টগার্ডের চারটি জাহাজ ও একটি বেসরকারি যাত্রীবাহী নৌকার পাশাপাশি তুরস্ক কোস্টগার্ডের পাঁচটি জাহাজ ও দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার কাজ পরিচালনা করছে।

ads
ads
ads

Our Facebook Page